ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে নিজেদের কার্যালয়ে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটক হওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, সিদ্ধেশ্বরীতে যে বাসায় তিনি বৃহস্পতিবার রাতে অবস্থান করেন, শুক্রবার ভোরে সেখানে তল্লাশি চালায় ডিবি পুলিশ। সকাল পৌনে সাতটার দিকে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। কেন তাকে এভাবে ডিবি অফিসে নিয়ে আসা হলো সে ব্যাপারে কিছু জানেন না বলে বাংলানিউজের প্রতিবেদককে জানান গয়েশ্বর চন্দ্র রায়।
অবশ্য এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রায়ের বাজারস্থ গয়েশ্বরের বাসায় তল্লাশি চালায় সাদা পোশাকের পুলিশ। এ সময় তিনি বাসায় ছিলেন না। প্রায় একই সময় মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের শান্তিনগরস্থ ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে সাদা পোশাকধারী পুলিশ।
ডিসেম্বর ২৬, ২০১৪