নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

নোয়াখালীর সেনবাগ উপজেলার দেবীশিংপুর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আবু তাহের (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে দেবীশিংপুর গ্রামের মাওলানা আজহারুল ইসলামের বাড়ির হাবিব উল্ল্যার ছেলে ও কতুবেরহাট দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দেবীশিংপুর গ্রামের মাওলানা আজহারুল ইসলামের বাড়ির সোলেমানের ছেলে ইমরান (১৩) এর সঙ্গে ক্রিকেট খেলতে বাড়ির পাশের একটি ধানখেতের মাঠে যায় একই বাড়ির আবু তাহের। সন্ধ্যায় খেলা শেষ হওয়ার পর ইমরান ও তাহের একে অপরকে ক্রিকেট স্ট্যাম্প নেওয়ার জন্য বলে। এ নিয়ে দুইজনের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় ইমরান হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আবু তাহেরকে আঘাত করলে  সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে  যায়।

পরে অন্য খেলোয়াড়রা তাকে বাড়িতে নিয়ে যায়। আঘাতটি গুরুতর নয় ভেবে তাহেরের পরিবারের লোকজন তাকে ঘরে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। পরে রাতে হঠাৎ করে শ্বাস কষ্ট শুরু হয়ে তাহেরের মৃত্যু হয়।

স্থানীয় নবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল এ বিষয়ে বলেন, নিহত আবু তাহের ইমরানের ভাতিজা। আবু তাহেরের পরিবারের মতে তার শ্বাস কষ্ট (ইজমা) সমস্যা ছিল।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দুটি শিশুর ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সেনবাগ প্রতিনিধি /দৈনিক সেনবাগের কণ্ঠ/২৬ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post