নোয়াখালীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ

নোয়াখালী ব্যুরো : সদর উপজেলার ওজবালিয়া ইউনিয়নের চর শুল্লকিয়া খাসেরহাট গ্রামের (২৮) এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করেছে মহিন উদ্দিন নামের এক বখাটে। ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বুধবার সকালে ধর্ষিতার স্বামী বাদী হয়ে থানায় এ মামলাটি করেন।

স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, চরশুল্লকিয়া খাসেরহাট গ্রামের মমিনের মাগো বাড়ীর মমিনের স্ত্রী ও দুই সন্তানের জননী (২৮) দুই বছর আগে ব্রেন টিউমারে তার বাক শক্তি হারায়। মমিন চট্টগ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে। বাড়ীতে মমিনের স্ত্রী, দুই মেয়ে তার মায়ের সাথে থাকে। মঙ্গলবার সকালে মমিনের মা তাদের পারিবারিক কাজে বাজারে যায়। ওই সময় তার দুই সন্তানও বাড়ীর বাহিরে ছিল। এই সুযোগে এলাকার চিহ্নিত বখাটে ও সেলিমের বাপের বাড়ীর কালা মিয়ার ছেলে মহিন উদ্দিন মমিনের ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে। এসময় বাড়ীর পাশের এক মহিলা তাদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের ভিতর থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে ঘরের দরজায় গেলে বখাটে মহিন উদ্দিন দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও অচেতন অবস্থা ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কালা মিয়ার ছেলে মহিন উদ্দিন এর আগেও একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে ২টি মামলায় সে কারাগারে ছিল। গত কয়েক মাস আগে সে জামিনে এসে পুনরায় এসব কাজে লিপ্ত হচ্ছে। তার ভয়ে এলাকার কিশোরী ও যুবতী মেয়েরা ঘরের বাহিরে যেতে পারেনা।  সুধারাম মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বখাটে মহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post