আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১৩ সালের মত তারা যদি আবার পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যায় মেতে উঠে তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জনগণ তাদেরকে গণধোলাই দিয়ে বিদায় করবে।
তিনি আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস কাবের সামনে ঠিকানা ৭১ বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়াসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কুরুচিপূর্ণ ও আপত্তিজনক বক্তব্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা না দিয়ে রেকর্ড করেছেন। বিএনপির নেতাকর্মীরা বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এ কথা সত্য নয়। এই মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা জাতিকে বিভ্রান্ত করছে।
তিনি আরো বলেন, গতকাল মুক্তিযোদ্ধা ছবি বিশ্বাসের উপর হামলাই প্রমাণ করে যে বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি নয়। তারা যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে আইন ও আদালতকে অবমাননা করছে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, প্রফেসর কিয়ামত আলী প্রমুখ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৫ ডিসেম্বর ২০১৪।