ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীদের কোন জায়গা হবে না। এইসব সন্ত্রাসীদের ক্যাম্পাস ছাড়া করেই শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করা হবে।
বৃহস্পতিবার ছাত্রশিবির আয়োজিত কলেজ প্রতিনিধি সমাবেশে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানার পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
শিবির সভাপতি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসের কারণে শিক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ধ্বসে পড়ার উপক্রম। প্রতিদিন এই সন্ত্রাসীরা ক্যাম্পাসে তাণ্ডব চালিয়ে ছাত্রসমাজকে ক্ষতিগ্রস্ত করছে।
ক্যাম্পাসের এই অবস্থা কোনভাবেই আর বরদাশত করা হবে না। ছাত্রশিবির ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্রজনতা ছাত্রশিবিরের সাথেই আছে। ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই সন্ত্রাসীরা ক্যাম্পাস ছেড়ে পালাতে বাধ্য হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বরাবরই ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে এসেছে। সন্ত্রাসীরা যত বড় অপকর্মই করুক না কেন, দলীয় বিবেচনায় তারা পার পেয়ে গেছে। সরকার ছাত্রলীগ সন্ত্রাসীদের কিছু না বললেও ছাত্রজনতা তাদের ছাড়বে না। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে প্রয়োজনে লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে। আমাদের পরিকল্পনা রয়েছে, শিক্ষাঙ্গন রক্ষায় প্রয়োজনে সারাদেশের সকল ক্যাম্পাসে একযোগে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানোর আন্দোলনে ছাত্র জনতাকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়তে তিনি সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
দৈনিক সেনবাগের কণ্ঠ/১২ডিসেম্বর ২০১৪