বাগেরহাটে পুলিশ সুপারের অফিসের নিরাপত্তা চৌকিতে কর্মরত একজন সেন্ট্রি কনষ্টেবল প্রলব সেনের (২০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। সে আত্মহত্যা করেছে কিনা বা অন্যকোনভাবে গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত ভাবে জানাতে পারেনি।
নিহত প্রলব খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধা মাধবপুর গ্রামের প্রদিপ সেনের ছেলে। সে ট্রেনিং শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে চাকরীতে যোগদান করে বলে পুলিশ অফিস সূত্রে জানাগেছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, এদিন সকালে অফিস চলাকালে গেটে বিকট শব্দ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছুটে যায়। পরে সেখানে প্রলব সেনের লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রলব এদিন সকাল ৮ টায় ওই নিরাপত্তা চৌকির দায়িত্ব নেয়। সকাল ১০ টায় অন্যসদস্যদের চৌকির দায়িত্ব বুঝে দেওয়ার কথা ছিল। চাকরীতে যোগদানের পর একবার সে পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যদের কারণে ১ মাস ২৩ দিন পর পুনঃরায় সে চাকরীতে যোগদান করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেছে। তবে নিজের রাইফেলের গুলিতে প্রলব সেন আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
সম্পাদনায় এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/৪জুলাই ২০১৪