নারায়নগঞ্জ উপ-নির্বাচনে কাউকেই ছাড় দেয়া হবেনা : র‌্যাব

আগামীকাল অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে কঠোর অবস্থানে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কেউ কেন্দ্র দখল, আচরণবিধি লঙ্ঘন, সন্ত্রাসী কর্মকান্ড করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না। বুধবার ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান, র‌্যাবের মিডিয়া উইংয়ের উইং কমান্ডার হাবিবুর রহমান। তার সঙ্গে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খানসহ অন্য র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান জানান, উপ নির্বাচনে র‌্যাব তাদের সর্বোচ্চ প্রযুক্তি ও দক্ষতা প্রমাণ রাখবে। এজন্য র‌্যাব কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। র‌্যাবের ১ হাজার সদস্য মোতায়েন থাকবেন এ দিন। পাশাপাশি র‌্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। ভোটের সময়ে প্রতিটি কেন্দ্রে র‌্যাবের সদস্য মোতায়েন ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় মোট ১৫টি মোবাইল টিম মোতায়েন করা হবে এবং একটি মোবাইল টিমে ৩টি টহল দল থাকবে। যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাব-১১ এর সদর দফতরে অতিরিক্ত ৫টি মোবাইল টিম স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসাবে প্রস্তুত থাকবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে শহরের তোলারাম কলেজে র‌্যাবের ডগ স্কোয়াডের একটি টিম দিয়ে তল্লাশী করা হয়। শহরের সলিমুল্লাহ সড়কে সকাল থেকেই র‌্যাবের একটি চেকপোস্ট কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, উপ নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোন কেন্দ্র বা কোন এলাকার তথ্য আদান প্রদানে ০১৭৭৭৭১১১০০ এই নাম্বারে সারাসরি র‌্যাবের সাথে যোগযোগ করতে পারবেন।

উৎসঃ নয়া দিগন্ত

Post a Comment

Previous Post Next Post