গাজীপুরে ছাত্রলীগ নেতার রগ কেটেছে ছাত্রলীগ

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগের কলেজ শাখা সভাপতি সারোয়ার জাহান সোহেলকে (২৫) বুধবার এলোপাতাড়ি কুপিয়েছে প্রতিপক্ষের কর্মীরা। এসময় হামলাকারীরা সোহেলের হাতের রগ কেটে দিয়েছে। আহত সোহেল শ্রীপুরের মাওনাস্থিত পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

আহত সোহেলের বড় ভাই সাখাওয়াত হোসেন রিপন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর উপজেলা যুবলীগের নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সোমবার স্থানীয় পিয়ার আলী কলেজে মিষ্টি বিতরণ করা হয়। এসময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহেলের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মামুনের কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে মঙ্গলবার তাদের মধ্যে আবারো বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এসময় কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই বিরোধের জের ধরে বুধবার বেলা ১১ টার দিকে কলেজে যাওয়ার পথে স্থানীয় প্রশিকা মোড়ে বিল্লাল মামুনের নেতৃত্বে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের ১০/১২ সশস্ত্র কর্মী সোহেলকে এলোপাতাড়ি কোপায়। এসময় তার বাম হাতের রগ কেটে দেওয়া হয়েছে। সোহেলের চিৎকারে আশপাাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসি সোহেলকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠিয়েছে।

উৎসঃ নয়া দিগন্ত

Post a Comment

Previous Post Next Post