রাজধানীর মিরপুরের কালশীর বিহারী ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, পুলিশের টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ ও নির্বিচারে গুলী বর্ষণের ঘটনায় ১০ জনের নির্মম প্রাণহারীর ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশের আইন-শৃংখলা পরিস্থিতি রীতিমত উদ্বেগ জনক। জনগণের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। ঘরে থাকলে খুন আর রাস্তায় নামলে গুম হওয়ার আতংকে রয়েছে দেশের মানুষ। বিগত পাঁচ মাসে সারা দেশে খুন হয়েছেন প্রায় তিন শতাধিক। গুম ও অপহরণের শিকার হয়েছেন অগণিত মানুষ। সরকার এক দিকে যেমন জনগণের মানমালের নিরাপত্তা দিতে দিতে ব্যর্থ হয়েছে, অপর দিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিজেরাই জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের এমন নিকৃষ্টতম নমূমা সভ্যতার ইতিহাসে বিরল। তাই দেশের প্রতিটি নাগরিকের জন্য আত্মসচেতন হওয়া সময়ের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পরেছে।
তিনি বলেন, সরকারের উদাসীনতা ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় আজ মিরপুরের বিহারী ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা, অগ্নিসংযোগ করে ১০ জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ ও গুলী বর্ষণ করে একজনকে হত্যার মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সরকার ও প্রশাসন জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পরিবর্তে নিজেরাই হন্তারকের ভূমিকা পালন করছে। তিনি এই নির্মম ও নিষ্ঠুর হত্যাযজ্ঞের তীব্র ও নিন্দা প্রতিবাদ জানান এবং ঘটনার জন্য দায়ীদের সনাক্ত করতে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান এবং নিহত ও ক্ষতিগ্রস্থদের যথোপযুক্ত ক্ষতিপূরুণ প্রদানের আহবান জানান।