ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দীন বলেন, বর্তমান সরকার একটি জনবিচ্ছিন্ন সরকার। এ সরকারের সাংবিধানিক কোন ভিত্তি নেই। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব থাকলেও আওয়ামী সরকার প্রশাসনের সহযোগিতায় জনগণের নিরাপত্তা বিঘ্নের কাজে ব্যস্ত। দেশে গণমানুষের আন্দোলন দমাতে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে।
তিনি আজ ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের বাছাইকৃত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর এক মিলনায়তনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি রবিন খানের সভাপতিত্বে সেক্রেটারী তামিম হোসাইনের পরিচালনায় শিক্ষাশিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক মঈন উদ্দীন।
সেলিম উদ্দীন বলেন, সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে দেশকে আজ মৃত্যুপুরীতে পরিণত করেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা,গুম করা হচ্ছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেধাবী ছাত্রদের গুলি করে হত্যা এবং পঙ্গু করে দেয়া হচ্ছে। এই সরকার বর্তমানে দুষ্টের লালন ও শিষ্টের দমনে ব্যস্ত রয়েছে। জনবিরোধী এ সরকারের হাতে জনসাধারণের জান মাল কোন কিছুই নিরাপদ নেই। তাই সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলনের সৃষ্টি করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে একটির পর একটি দেশ ও জনবিরোধী আইন পাশ করেছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে একতরফাভাবে করিডোর দিয়েছে। দুর্নীতির কারণে পদ্মা সেতু করতে পারে নাই। তাদের এ সকল অপকর্ম ঢাকতে যুদ্ধাপরাধের ধুয়া তুলে জামায়াত-শিবির বিরোধী অভিযানে নেমেছে। তাদের এ সকল অপকর্মের কারণে আওয়ামি লীগ দেশের মানুষের জনসমর্থন হারিয়েছে। আর ইসলামী আন্দোলনের পথে থাকার কারণে জামায়াত ও শিবিরের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। যা বিগত উপজেলা নির্বাচনের ফলাফলের মাধ্যমে দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে। জনগণ দেখিয়ে দিয়েছে এ দেশে ইসলাম বিরোধীদের কোন স্থান নেই।
তিনি আরো বলেন, ছাত্রসমাজকে শিবিরের ছায়াতলে আনতে আরো ব্যাপকভাবে দাওয়াতী কাজ করতে হবে। ছাত্রসমাজকে ইসলাম ও ইসলামী আন্দোলনের গুরুত্ব বোঝাতে হবে। রাজনৈতিক চলমান সংকটে দেশের মানুষ আজ ছাত্রশিবিরের দিকে চেয়ে আছে। সংকট থেকে উত্তরণের জন্য ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথেও ভূমিকা রাখতে হবে।
শিবির সেক্রেটারী জেনারেল দেশের মানুষের সেবা করার মানসিকতা নিয়ে সাংগঠনিক কাজ করার পাশাপাশি ক্যারিয়ার গঠনের দিকেও মনযোগী হওয়ার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি