নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
কোলকাতার দমদম এলকা থেকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এসময় তার দুই সহযোগিকেও গ্রেপ্তার করে ভারতীয় এন্টি টেরোরিস্ট বাহিনী।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারে এখনো কোনো তথ্য আসেনি বলে জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজিপি (মিডিয়া) জালাল আহমেদ।
শনিবার রাত ১টার দিকে তিনি বলেন, ‘আমিও এক সূত্র থেকে শুনেছি কোলকাতার দমদম এলাকা থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ হেডকোয়ার্টারে এখনো এ বিষয়ে কোনো ম্যাসেজ আসেনি।’
আজ দমদমের কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেনসহ আরো দুই সহযোগিকে ভারতীয় এন্টি টেরোরিস্ট বাহিনী গ্রেপ্তার করেছে। অন্য দুইজনের নাম জানা যায়নি। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার মূল আসামি নূর হোসেন। ইতোমধ্যে এ ঘটনায় র্র্যাব-১১-এর সাবেক সিও লে. কর্নেল তারেক, মেজর আরিফ ও লে. কমান্ডার এম এম রানাকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রানা ও আরিফ এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তারেককে আবারো রিমান্ডে নেয়া হয়েছে।
নূর হোসেনের টাকায় এই র্র্যাব কর্মকর্তারা সেভেন মার্ডারের ঘটনা ঘটিয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। ঘটনার পর নূর হোসেন দেশ ছেড়ে পালিয়ে যান। গতকাল তার আটকের খবরটি বাংলাদেশে পৌঁছলেও বিষয়টি ঢাকার পুলিশ ও র্র্যাবের কেউ নিশ্চিত করতে পারেননি।
প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ