নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে সরকার কিছু জানে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি সোমবার রাজধানীর জাতীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, সরকার এ বিষয়ে যেটুকু জেনেছে, তা গণমাধ্যমের মাধ্যমে।
সৈয়দ আশরাফ বলেন, ‘কৃষি এক সময় অবহেলিত পেশা ছিল, এখন তা নেই।’
সকাল নয়টায় ফল প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কৃষি সচিব এস এম নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের এখানে পরিকল্পিতভাবে ফল উত্পাদন করা সম্ভব হলে, সেখান থেকে পুষ্টির সব উপাদান আসবে। আমাদের বিদেশি ফলের দিকে ঝোঁকার প্রবণতা আছে, সেটা কমাতে হবে।’
তিনি বলেন, ফলের রক্ষণাবেক্ষণের ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
উৎসঃ আরটিএনএন