ঢাকা: রাজধানীর মহাখালীতে শুক্রবার রাতে সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, পদ বঞ্চিত ও পদধারী নেতাদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, বিকেলে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পাশাপাশি কলেজ হল শাখার কমিটিও ঘোষণা করা হয়। এতে অনেক নেতাকর্মী পদ না পেয়ে বিক্ষোভ করেন। রাত ১০টার দিকে শতাধিক কর্মী আঁখি হলের সামনে অবস্থান নেন। বিক্ষোভকালে হল শাখার সভাপতি বিপ্লব ও সাধারণ সম্পাদক শাহজাদা হলে প্রবেশের চেষ্টা করলে বিক্ষুব্দরা বাধা দেন। এতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে হলে ঢুকতে না পেরে সভাপতি ও সাধারণ সম্পাদক চলে যান।
বনানী থানার অপারেশন অফিসার আমিনুল বাসার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন মানিক বলেন, ‘এখানে কোনো গণ্ডগোল হয়নি। ১৪ বছর পর কলেজ শাখা ও হল শাখা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এতে হয়তো পদ প্রত্যাশী অনেকে বাদ পড়েছেন। বাদ পড়া কর্মীরা বিক্ষোভ করলে সিনিয়র নেতারা তা নিরসন করেন বলে দাবি করেন মানিক।
http://www.banglamail24.com/news/2015/07/25/id/240236/