নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। অন্যথায় জনতার আন্দোলনে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শনিবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে ডা. শফিক বলেন, ‘এ অবৈধ, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্ট কালের অবরোধ কর্মসূচিতে গোটা দেশ অচল হয়ে পড়েছে। রাজধানী ঢাকা থেকে সকল জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অথচ সরকার জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে চলমান আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে আখ্যায়িত করে দেশব্যাপী জুলুম, নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। সরকারের অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণে দেশের রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশের সুশীল সমাজ, ব্যবসায়ী সম্প্রদায়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষাবিদ সহ গণতান্ত্রিক বিশ্বের পক্ষ থেকে চলমান সংকট নিরসনের জন্য সরকারকে কার্যকরী ও উদ্যোগী ভূমিকা পালনের জন্য আহবান জানালেও সরকার তা অগ্রাহ্য করে দেশব্যাপী দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘সরকারের জুলুম-নিপীড়ন যত বাড়বে জনগণের প্রতিরোধ আন্দোলন ততই বৃদ্ধি পাবে এবং আন্দোলন আরও বেগবান হবে। গণআন্দোলনের মাধ্যমেই এই ভোটাধিকার হরণকারী অবৈধ সরকারের পতন হবে। আমি রাষ্ট্রীয় জুলুম-নির্যাতন, দমন-পীড়ন ও গণগ্রেফতার, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে এ স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি। অন্যথায় জনতার আন্দোলনে সরকারকে করুণ পরিণত বরণ করতে হবে।’
সারাদেশে ২০ দলীয় জোটের গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১১ জানুয়ারি, ২০১৫।