হরতালের সমর্থনে ঢাকায় জামায়াতের মিছিল

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে যমুনা ফিউচার পার্ক এলাকায় বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মু. সেলিম উদ্দীন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রমনা থানা আমির ড. রেজাউল করিম, জামায়াত নেতা আতাউর রহমান সরকার প্রমুখ।

হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর মোড়ে সমাবেশ করে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম নগর উত্তর শিবিরের সেক্রেটারি সালাহ উদ্দীন মাহমুদ, জামায়াত নেতা আহমদ খালেদুল আনোয়ার, এস এম সোলায়মান, এস এম আলম, নুরুল মোস্তফা হেলালী, ফরিদুল আলম, শিবির নেতা মাহবুবুর রহমান, মামুনুর রহমান ভুইয়া, সাইফুল, আরিফ প্রমুখ।

উল্লেখ্য, আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেয়। এ রায়ের প্রতিবাদে জামায়াত আগামীকাল বুধবার ও পরের দিন বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩০ ডিসেম্বর,২০১৪।

Post a Comment

Previous Post Next Post