ঘরে রাখা ককটেল বিস্ফোরণে রেবেকা সুলতানা নামে আওয়ামী লীগের এক নেতার স্ত্রীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার দুপুর ২টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা সোমবার দুপুরে বাড়ির বৈঠকখানা পরিষ্কার করার সময় ঘরের এক কোণায় একটি কৌটা দেখতে পান। সেটা খোলার চেষ্টা করলে তার হাতের ওপর বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে রেবেকার দুই হাতের বেশ কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক অস্ত্রপচার করে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছেন বলে জানা গেছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উৎসঃ ঢাকাটাইমস২৪/২৯ ডিসেম্বর ২০১৪।