নাশকতা সৃষ্টির আশংকা ও সকল ধরনের সহিংসতা এড়াতে নোয়াখালীর সেনবাগ পৌর এলাকায় অভিযান চালিয়ে বিএনপির এক এবং ছাত্র শিবিরের এক নেতাকে আটক করে পুলিশ। এঘটনার প্রতিবাদে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা কর্মীরা সরকারি গাছ কেটে সড়ক অরোধ করে।
রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছেন, সেনবাগ পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক ফারুক বাবুল ও সেনবাগ কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুলিশ সেনবাগ বাজারে অভিযান চালিয়ে পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক ফারুক বাবুল ও সেনবাগ কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আলোকে আটক করে। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশে থাকা বন বিভাগের কয়েকটি গাছ কেটে সড়ক অবরোধ করে। এসময় ওই সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে গাছ গুলো সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হরতালকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিএনপি জামায়াতের নেতা কর্মীরা তাদের আটককে কেন্দ্র করে সড়কের পাশের ১০/১৫টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে তারা চলে যায়। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।
গাছ কাটার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
সেনবাগ প্রতিনিধি/এম এ আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৮ ডিসেম্বর ২০১৪।