ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরাইলীদের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনী বন্দীদের নিঃশর্ত মুক্তি ও জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ২৪ জুলাই সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গাজায় নিহতদের সংখ্যা ইতোমধ্যেই ৫ শতাধিক ছাড়িয়ে গিয়েছে। হাজার হাজার লোক আহত হয়েছে। ইসরাইলীদের হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধাসহ বেসামরিক কোন লোকেরাই রেহাই পাচ্ছে না। নিহত ও আহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরাইলীরা হাসপাতালের উপরও হামলা করছে। গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরাইলীদের বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বে অব্যাহতভাবে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। কিন্তু মানবতার শত্রু ইসরাইল সেদিকে কর্ণপাত করছে না।

ফিলিস্তিনের গাজায় হামলা ও গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিনী বন্দীদের নিঃশর্ত মুক্তি প্রদানে ইসরাইলকে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি ও ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার জন্য তিনি জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের শান্তিকামী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনে ইসরাইলীদের অব্যাহত, গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনী বন্দীদের নিঃশর্ত মুক্তি প্রদান ও জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করার দাবিতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারা বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য তিনি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

উৎস: দৈনিক সংগ্রাম

Post a Comment

Previous Post Next Post