ইসরায়েলি হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ ঘোষণা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

তারা বলেন, গত কয়েকদিন থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার অবরুদ্ধ জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা চলছে। গতকালও সেখানকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে গত তিনদিনের টানা নির্মম হামলায় গাজা উপত্যকার অন্তত ৭৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে। একই সাথে নারী, শিশু, বৃদ্ধসহ কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ পবিত্র জুমাবারেও উপত্যকার খান ইউনিস শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি জঙ্গিবিমান। ফিলিস্তিনি নিরীহ নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা এবারই প্রথম নয়। ২০১২ সালের ২১ নভেম্বর শেষ হওয়া আটদিনের ইসরায়েলি আগ্রাসনে ১৬০ ফিলিস্তিনি শহীদ ও অপর প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছিল। ফিলিস্তিনিদের ঘর-বাড়ি, স্কুল-প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ পড়ছে না ইহুদিদের নৃশংস হামলা থেকে। এভাবে ইসরায়েল বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বার বার ফিলিস্তিনি জনগণের ওপর প্রকাশ্য গণহত্যা চালাচ্ছে।

কাজেই ফিলিস্তিনের নিরীহ মোসলমানদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

উৎস: বাংলামেইল২৪ডটকম/ সবি/ এস

Post a Comment

Previous Post Next Post