হযরত মুহাম্মদ (সা:) নিয়ে ফেইসবুকে অশালীন মন্তব্য করায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে চন্দ্র দেব (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার রায়গঞ্জের বালাবাড়ী গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক দেব একই গ্রামের কানু চন্দ্র দেবের পুত্র ও রায়গঞ্জ ডিগ্রি কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক মোস্তাফিজার রহমান শীর্ষ নিউজকে জানান, গোপাল চন্দ্র দেব তার ফেইসবুক ওয়ালে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে অশালীন মন্তব্য পোস্ট করেছে। পরে তা বিভিন্ন ফেইসবুক আইডিতে সংযুক্ত করে। বৃহস্পতিবার বিষয়টি এলাকাবাসীর কাছে জানাজানি হয়। পরে এলাকাবাসী ঘটানাটি পুলিশকেও জানান ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষসহ ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার দফায় দফায় এলাকায় মিছিল ও সমাবেশ করেছে। মিছিল-সমাবেশ থেকে তারা দেবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উৎসঃ শীর্ষ নিউজ