মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাসের কারণে হজযাত্রী পাঠানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি সরকার। হজকে সামনে রেখে এবার বিশেষ ব্যবস্থাও নিচ্ছে বাংলাদেশ সরকার।
সচিবালয়ে নিজ দফতরে বুধবার ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান দ্য রিপোর্টকে বলেন, ‘মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা হজযাত্রী পাঠানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলেছে।’
সচিব বলেন, ‘সৌদি আরব চিঠিতে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কর্মকর্তারা তাদের ওখানে গিয়েছিলেন। মার্স ভাইরাস প্রতিরোধমূলক কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি। ৬০ বছরের বেশি বয়সী মানুষের এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকি বেশি। তাই প্রচলিত চিকিৎসাব্যবস্থার মধ্য দিয়েই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে বলেছে তারা।’
তিনি আরও বলেন, ‘আমরা চিঠিটি পাওয়ার পর তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগামী ২৩ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।’
ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সৌদি আরব চিঠিতে জানিয়েছে, মার্স ভাইরাসে এ পর্যন্ত ৩৪৫ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১১ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন বাংলাদেশি।
ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, সরকারি ও বেসরকারি মিলিয়ে এবার ৯৮ হাজার ৭০৫ জন হজে যাচ্ছেন। এর মধ্যে বেসরকারিভাবে হজে যাচ্ছেন ৯৭ হাজার ২০৫ ও সরকারিভাবে ১ হাজার ৫০০ জন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর (৯ জিলহজ ১৪৩৫ হিজরি) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর।
উৎসঃ দ্য রিপোর্ট