বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে খুন, গুমে মেতে উঠা বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত সরকার। এই সরকারকে মানুষ ঘৃণাভরেই স্মরণ করবে।
তিনি আজ ছাত্রশিবির আয়োজিত সদস্যপ্রার্থী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আজ সকাল ১১টায় রাজধানীর এক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নাভিদ আনোয়ারের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মনির আহমেদ, কেন্দ্রীয় মানবধিকার বিষয়ক সম্পাদক মাহফুজুল হক, স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ খান, কলেজ কার্যক্রম সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
শিবির সভাপতি বলেন, নারায়নগঞ্জের সেভেন মার্ডারসহ সারাদেশে চলমান গুম, হত্যার সাথে সরকারের যোগসাজশ আজ প্রমানিত সত্য। সরকার যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, ধারাবাহিক অপকর্মের বদৌলতে তারা বাংলাদেশের মানুষের কাছে নিকৃষ্টতম সরকার হিসেবে চিহ্নিত হয়েছে। এই সরকারকে ক্ষমতা থেকে যত দ্রুত সরানো যায়, ততই দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ। অন্যথায় অত্যাচারী সরকার মানুষ খুন করেই ক্ষমতায় টিকে থাকতে চাইবে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পরিবর্তে আজ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। এর পেছনে আওয়ামী অপশাসনই দায়ী। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই পরিকল্পিত অস্থিতিশীলতা তৈরি করে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। আওয়ামীলীগের অবস্থান যে বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে, তা আজ জনসাধারণের সামনে পরিস্কার। আপামর জনসাধারণ ক্ষুব্ধ হয়েই এই সরকারের বিদায় চাইছে। অচিরেই জনতার ক্ষোভের বিষ্ফোরণ ঘটতে পারে। সরকারের উচিৎ হবে তার আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। অন্যথায় অবৈধ সরকারের জনসমর্থনশূন্য কর্তাব্যক্তিরা জনতার রোষানলে পড়তে পারেন।
তিনি সদস্যপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সামনে পবিত্র রমযান মাস। এই মাসকে আত্মশুদ্ধির জন্য কাজে লাগাতে হবে। বাংলাদেশের প্রত্যেক মুসলমান যেন এই মাসে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার প্রশিক্ষণ নেয়, তা নিশ্চিত করতে আপনাদের চেষ্টা করতে হবে। এখন থেকেই মানুষের মাঝে রমযানের শিক্ষা কী, তা তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ, সিয়াম সাধনার মাধ্যমে আমরা নিজেদের আত্মগঠন করে রাব্বুল আলামীনের আরো প্রিয় বান্দা হতে পারব।
প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ