ব্রাজিল সমর্থক ম্যারাডোনা!

ঢাকা: হকচকিয়ে যাওয়ার মতোই খবর। ব্রাজিল ফুটবল দলের সমর্থন করা শুরু করেছেন দিয়াগো ম্যারাডোনা!

এই কথাটা আর্জেন্টিনা সমর্থকদের হজম করতে কষ্ট হওয়ার কথা। কিন্তু কথা সত্য। ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে সমর্থন করেছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। একেবারে স্টেডিয়ামে বসে। আর্জেন্টিনা ও ব্রাজিলের চিরকালীন বৈরীতা ভুলে। গতকাল রোববার এক সাক্ষাৎকারে ম্যারাডোনাকে জিজ্ঞেস করা হয়েছিল উদ্বোধনী ম্যাচে কাকে সমর্থন করেছেন। ফুটবল ঈশ্বরের সাফসাফ জবাব, ‘অবশ্যই ব্রাজিলকে।’

ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্টেডিয়ামে ঢুকে নিজের আসন খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে ম্যারাডোনাকে। এক দঙ্গল ব্রাজিল সমর্থক ঘিরে ধরেছিল তাকে। হাতের মুঠোয় ম্যারাডোনা, এমন সুযোগ কি আর আসে?  ওই অবস্থায় ম্যারাডোনাকে সেই ভিড় থেকে উদ্ধার করে ভিআইপি বক্সে নিয়ে যান সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সের স্টেডিয়ামের নির্মাণ কর্মী। ভিআইপি বক্সেও ম্যারাডোনাকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়।

সেই ম্যাচটিতে ব্রাজিল আত্মঘাতী গোল খেয়ে যাওয়াতে শুরু হয় গুঞ্জন। একজন তো বলেই বসেন, ম্যারাডোনা নিশ্চয় ব্রাজিলের জন্য অপয়া। ব্রাজিল সমতা ফেরালে ম্যারাডোনা  হাততালি দেন। অনেকেই বলেছেন, সেই হাততালিতে প্রাণ ছিল না! অবশ্য ম্যাচ শেষের ১০ মিনিট বাকি থাকতেই ম্যারাডোনা স্টেডিয়াম ছাড়েন। একদিনের ব্রাজিল সমর্থক ফুটবল ঈশ্বর ম্যাচ শেষেবলেন,  ‘ব্রাজিলকে আমার পছন্দ হয়নি। ওদের রক্ষণ একেবারে ভালো লাগেনি। আক্রমণে অবশ্য ওরা ভালো।’

বাংলামেইল২৪ডটকম

Post a Comment

Previous Post Next Post