কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অসুস্থতা বোধ করছেন। এ জন্য মঙ্গলবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে তার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।
এদিকে তার অসুস্থতার কথা শুনে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হোটেল সোনারগাঁয়ে দেখা করতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর ১০টা ৫০ মিনিটের দিকে হোটেল ত্যাগ করেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, গতকাল (সোমবার) কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুম সেনেরর সৌজন্যে এফবিসিসিআই’র ডিনার ছিলো। সোমবার রাত থেকে তিনি (হুম সেন) অসুস্থ বোধ করছেন। তবে তার অসুস্থতা গুরুতর কিছু না।
তিনি বলেন, তার অসুস্থতা বোধ করার জন্য সকালে আমার এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে দিনের অন্য কর্মসূচি অব্যহত থাকবে।
দুপুরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে শাহরিয়ার আলম জানান।
এর আগে সোমবার সকাল ৯টা ৫০মিনিটে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হুন সেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সফরে দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে।
তিন চুক্তি হচ্ছে- উন্নয়ন এবং বিনিয়োগ সুরক্ষা, দুই দেশের মন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক এবং সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক। এছাড়া কৃষিখাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে।
ইতোমধ্যে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উৎসঃ অনলাইন বাংলা