পিঠে প্রচণ্ড আঘাত পেয়ে এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিল সুপারস্টার ফরোয়ার্ড নেইমারের। তার অসংখ্য ভক্ত এ ঘটনায় মর্মাহত। কেবল তা-ই নয়। লিওলেন মেসি, মেসুত ওজিল, বাস্তেইন শোয়েনস্টাইগার, পাতোর মতো তারকারা তার প্রতি জানিয়েছেন সহমর্মিতা।
শনিবার মেসির তার অফিসিয়াল ফেইসবুক পেজে নেইমারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো বন্ধু নেইমার’।
এদিকে নেইমারের এ ঘটনায় কিংবদন্তী ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনাও উদ্বেগ প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার একটি টেলিভিশনকে ম্যারাডোনা বলেছেন, ‘এটা ভয়াবহ একটা ব্যাপার। কেবল ব্রাজিলের জন্যই নয়, গোটা ফুটবল দুনিয়ার জন্যই এটা উদ্বেগের বিষয়।’
বিশ্বকাপ হচ্ছে নেইমারের দেশের মাটিতে। গোটা দেশের অনেক প্রত্যাশা ছিল তার ওপর। বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৮৮ মিনিটে মারাত্মক আঘাত পান তিনি। মেরুদণ্ডে প্রতিপক্ষ কলম্বিয়ার খেলোয়াড় জন জুনিগার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়।
ফোর্তালেসার স্থানীয় হাসপাতালে নিয়ে পরীক্ষার পর তার কোমরের হাড়ে চিড় ধরা পড়ে। ফলে বিশ্বকাপে আর মাঠে নামতে পারছেন না তিনি। ডাক্তার জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হবে না তবে মাঠে নামার কোনো সুযোগ নেই আপাতত।
সম্পাদনায়/এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/জুলাই ২০১৪