সরকারের জুলুম-নির্যাতন বাড়লে আন্দোলনও বাড়বে : শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে মহান দায়িত্ব আমাদের ওপর এসেছে, পরকালের জবাবদিহীতাকে সামনে রেখে এ দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিতে হবে। সব স্তরে সংগঠনের কাজকে আরো সম্প্রসারণ ও মজবুতি অর্জন করে দেশ ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।
তিনি আজ সকাল ১০টায় রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ষান্মাসিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শাখা সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি দাইয়ান সালেহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক নাভিদ আনোয়ার, সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম, স্কুল কার্যক্রম সম্পাদক শাহীন আহমদ খান, মিডিয়া সম্পাদক রিয়াদ হোসাইন রায়হান, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাকসুদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ আওয়ামী সরকার সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের নির্মূল করার জন্য উঠেপড়ে লেগেছে। পোষ্য পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে একের পর এক জামায়াত-শিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করছে। সরকার সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার না করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারে ব্যস্ত রেখেছে। তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দেশের শীর্ষ আলেমদেরকে কারাগারে বন্দী রাখা হয়েছে। কিন্তু শাহাদাত যাদের জীবনের কামনা, আল্লাহর সন্তোষ এবং জান্নাত লাভ যে আন্দোলনের কর্মীদের জীবনের চূড়ান্ত লক্ষ্য, তাদের গুলি করে, গুম করে, নির্যাতন চালিয়ে নিঃশেষ করা যাবে না। সরকারের জুলুম-নির্যাতন যত বাড়বে এ আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ও ভালবাসা তত বাড়বে এবং আন্দোলনের ভীত আরো মজবুত হবে।
তিনি বিগত দিনের আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ভূমিকা উল্লেখ করে বলেন, অতীতে অত্যন্ত দক্ষতার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে। ভবিষ্যতেও শাখার সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সরকার পতনের আন্দোলনকে আরো বেগবান করতে হবে। সাধারণ ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।
তিনি আরো বলেন, সদস্যদের  সৎ, দক্ষ, মেধাবী ও চরিত্রবান হিসেবে গড়ে উঠতে হবে। নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। নিজেদের জীবন ইসলামের গুণে গুণান্বিত করার মাধ্যমে ইসলামের দাওয়াত সমাজের সকল স্তরে পৌঁছিয়ে দিতে হবে। এ জন্য মাহে রমজান মাসকে নিজেদের আত্মগঠনের জন্য সর্বোচ্চ কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মাহবুবুর রহমান, অফিস সম্পাদক আতিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজ, প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান, সাহিত্য সম্পাদক হাফেজ ওয়াছিম মাহমুদ প্রমুখ।

সম্পাদনায়/এম/এ/আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/৬ জুলাই ১৪

Post a Comment

Previous Post Next Post