রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধর্মঘটের সমর্থনে শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নগরীতে বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাঙচুর করেছে শিবির কর্মীরা। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে শিবিরের ডাকা ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের ডাকা ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচল বন্ধ থাকায় কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।
সংঘর্ষের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে ক্যাম্পাসে। এ কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা মাঠে শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শিবির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে শিবির কর্মীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে শিবির কর্মীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে শিবিরের ডাকা ধর্মঘট উপেক্ষা করে সকালে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেলে নগরীর বর্ণালীর মোড়ে সকাল ৯টার দিকে একটি বাস ভাঙচুর করা হয়। এতে গাড়ির ভিতরে বসার ছিট এবং সামনের ও পিছনের প্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় দুটি এবং প্রধান ফটকের সামনে একটি বাস ভাঙচুর করে শিবির কর্মীরা।
মতিহার থানা ওসি আলমগীর হোসেন জানান, নাশকতা ঠেকাতে নগরীর মণ্ডলের মোড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উৎসঃ আরটিএনএন