পুলিশকে ঘেরাও করে শিবিরের মিছিল

সিলেট: বরিশালে শিবির কর্মীর কামড়ে গোয়েন্দা পুলিশ আহত হওয়ার পর এবার সিলেটে পুলিশকে ঘেরাও করে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট নগরীর কাজল শাহ এলাকায় এ দৃশ্য দেখা যায়।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে দেশব্যাপী ডাকা দু’দিনের হরতালের শেষ দিন সিলেট নগরীর কাজলশাহ এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা।

মহানগর শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলটি বের হয়। এসময় টহল পুলিশের একটি দল মাইক্রোবাসে করে ঘটনাস্থলে আসে।

তখন শিবিরের নেতাকর্মীরা মোটরসাইকেল দিয়ে টহল পুলিশের মাইক্রোবাসটি ঘেরাও করে ফেলে। পরে পুলিশ গাড়ি থেকে নেমে শিবির নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নীরবে দাঁড়িয়ে থাকে। এসময় শিবির নেতাকর্মীদের পুলিশকে হেফাজত করতে দেখা গেছে।

পুলিশ-শিবিরের এমন বন্ধুত্বপূর্ণ দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরাও হতবাক হয়েছেন। পরে শিবির তাদের মিছিল-সমাবেশ সংক্ষিপ্ত করে চলে যায়। চলে যাওয়ার সময় তারা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন।

হরতালের কারণে নগরীতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।

হরতালে নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। মাঠে রয়েছে বিজিবিও। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০১ জানুয়ারি,২০১৫।

Post a Comment

Previous Post Next Post