১৯ দলীয় জোট নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, সরকার বিরোধীদের ওপর হামলা, মামলা, জেল, জুলুম, গুম, খুন, অপহরণসহ যত অন্যায়ই করা হোক না কেন বিশ্বজুড়ে জালিম শাহীর দুনিয়া ছোট হয়ে আসছে। পল্লী জনপদে নির্যাতিতদের চোখে মুখে গণআন্দোলনের আলামত স্পষ্ট হয়ে উঠেছে। জামিলরা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। অতীতেও পারেনি। তিনদিনব্যাপী পঞ্চগড় জেলায় সাংগঠনিক সফর ও গণসংযোগ শেষে গতকাল বুধবার দুপুরে শফিউল আলম প্রধান বকুলতলায় দলীয় কার্যালয়ের সভায় এসব কথা বলেন।
সুষমা স্বরাজের উদ্দেশে তিনি বলেন, শুধু তিস্তা নয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের কাছ থেকে সকল নদীর পানির ন্যায্য হিস্যা চাই। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা যেন করা না হয়।
করিডোরের প্রশ্নে জাতীয় স্বার্থেই আমাদের আপোষ করার সুযোগ নাই। এখন সুষমা স্বরাজকে ঠিক করতে হবে তিনি আওয়ামী কৃতদাস সরকারের বন্ধুত্ব চান না কি স্বাধীনচেতা বাংলাদেশের জনগনের বন্ধুত্ব চান। আশা করি নরেন্দ্র মোদি কর্তৃক গঠিত সরকার বিদায়ী কংগ্রেসের মত বৈরি আচরণ করবে না। তিনি বলেন, ৫ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে কংগ্রেস সরাসরি হস্তক্ষেপ করেছে। প্রতিবেশি দেশের সঙ্গে এমন আচরণের নজির ইতিহাসে আর নাই। একাত্তরে এই জাতি পিন্ডির বিরুদ্ধে সংগ্রাম করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। সীমান্ত হত্যা সম্পর্কে প্রধান বলেন, সীমান্তে আমার দেশের মানুষকে পাখির মত হত্যা করা হয়। নতুন বিজেপি সরকারকে এটা বন্ধ করতে হবে।
জেলা জাগপার আহবায়ক মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন- সদস্য সচিব মফিজুল ইসলাম মফি, কেন্দ্রীয় জাগপার সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান, যুব জাগপার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন প্রমুখ।
উৎসঃ আমারদেশ