বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, আওয়ামীলীগ কখনোই সুশাসনের পথ ধরে হাঁটেনি, তারা বরাবরই সরকারে এসে অপশাসন চালিয়ে গেছে। অপশাসনের ফলেই বর্তমানে দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
তিনি আজ ছাত্রশিবিরের বার্ষিক সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আজ সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল। এসময় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিথ ছিলেন।
শিবির সভাপতি বলেন, আজ সারাদেশের মানুষ নির্যাতিত। শীতের দিনে দরিদ্র-অসহায় মানুষেরা কষ্টে দিনাতিপাত করছে। কিন্তু সরকারের সেদিকে কোন খেয়াল নেই। সরকারে টিকে থাকতে আওয়ামীলীগ তাদের অভ্যাস মত অপরাজনীতির পথ ধরেই হাঁটছে। দেশবাসী যখন সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ, তখন আন্দোলনের ভয়ে সরকার নির্যাতন ও অপপ্রচারের পথ বেছে নিয়েছে। কিন্তু সরকারের অপকৌশল এবারে কোন কাজে লাগবে না। বাংলাদেশের মানুষ সচেতন। সচেতন জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাবে।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকারে থাকা যে দেশের জন্য কতটা বিপদজনক, তা তাদের কাজের দ্বারা স্পষ্ট বোঝা যায়। ম্যানগ্রোভ বন সুন্দরবনকে টিকিয়ে রাখতে তাদের কোন উদ্যোগ আমরা দেখিনি। উল্টো রামপালে সুন্দরবন ধ্বংসের হাট বসাতেই সরকারের চেষ্টা চলছে। আবার এখন যখন ফার্নেস ওয়েল ছড়িয়ে পড়েছে, তখন তারা কার্যকরী উদ্যোগ না নিয়ে তেল ছড়িয়ে যেতে দিয়েছে। এটা যে সরকারের আত্মম্ভরী অবস্থানের কারণে হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদসহ কোন কিছুই যে এই সরকারের হাতে নিরাপদ নয়, তা আজ দিনের আলোর মতই পরিস্কার।
তিনি আরো বলেন, ছাত্রশিবির প্রতি বছরের মত এবারো সকল বাধা মোকাবেলা করে দেশ ও জনগণের জন্য কাজ অব্যাহত রেখেছে। গঠনমূলক কর্মসূচির মাধ্যমে এই সংগঠন ছাত্রসমাজের আরো কাছাকাছি পৌছে গেছে। শিবিরের প্রতিটি কাজেই তারা বাধা দিয়েছে, কিন্তু ছাত্রজনতা এই সংগঠনের সাথে আছে বলেই আমাদের প্রতিটি কর্মসূচি সফল হয়েছে। যত নির্যাতন, বাধা আসুক না কেন, সামনের দিনেও ছাত্রশিবিরের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।
শিবির সভাপতি অপশাসন বিরোধী সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে ছাত্রজনতার প্রতি আহ্বান জানান।
মনির আহমেদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির