ফতুল্লার রামারবাগে জিকির করা নিয়ে চরমোনাই ও আটরশি পীরের অনুসারীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় ৯ চরমোনাই সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার রাতে থানা জাকের পার্টির সভাপতি খলিল উল্লাহ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় রামারবাগ শাহী জামে মসজিদের খতিব ও চরমোনাই পীরের সমর্থক মাওলানা আবুল খায়েরকে প্রধান আসামি করা হয়েছে।
এ ছাড়া রোকন উদ্দিন, আলতু মিস্ত্রি, কসাই কুতুব, সাইফুল ইসলাম, আব্দুল হক, আফজাল হোসেন, আব্দুর রহমান ও শাকিলসহ মোট ১৫জনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ৫ ডিসেম্বর শুক্রবার আছরের নামাজের পর জাকের পার্টির উদ্যোগে ফতুল্লার রামারবাগ শাহী জামে মসজিদে পবিত্র আজিমুশান ইসলামী জলসার আয়োজন করা হয়। সন্ধ্যায় জিকির চলাকালে উল্লেখিত আসামিরা লাঠি ও দেশিয় ধারালো অস্ত্র হাতে জিকির মঞ্চে হামলা চালিয়ে জাকের পার্টির সদস্য বিল্লাল, গফুর ও দেলোয়ারসহ কয়েকজনকে মারপিট করে আহত করেন।
এ সময় গফুরের পকেট থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আসামিরা মাইক ও মঞ্চ ব্যাপক ভাংচুর করে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/০৯ ডিসেম্বর ২০১৪ ইং।